জৈন্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

by News Room

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। মঙ্গলবার (২৯শে জুলাই) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলার পর্যটন স্পট ডিবিরহাওড় লালশাপলা বিল এলাকা সংলগ্ন ডিবিরহাওড় মৌজার খাস জমিতে সুপারি গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় উক্ত মৌজায় ১৩ দশমিক ৬৯ একর খাস জমিতে মোট দশ হাজার সুপারি গাছের চারা রোপণ করা হবে।

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার, স্থানীয় সরকার, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সারী বিট রেঞ্জের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ইতিমধ্যেই প্রতি উপজেলায় দশ হাজার করে মোট এক লক্ষ ত্রিশ হাজার গাছের চারা রোপনের কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো জেলায় দুই লক্ষাধিক গাছ রোপণ করা হবে। তিনি আরও বলেন ডিবিরহাওড় শাপলা বিল নিয়ে জেলা প্রশাসনের সুদূরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে। বিশেষ করে শাপলাবিলের রাস্তা প্রশস্তকরণ, পর্যটকদের জন্য রেস্টরুমসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। উপস্থিত স্থানীয় ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

You may also like

Leave a Comment