সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ -সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। তারা দেশের অসহায় দরিদ্র জনসাধারণ,মসজিদ,মাদ্রাসা,শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে নানা ধরনের সেবা ও আর্থিক সহযোগিতা প্রদান করছেন। দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনীতিতে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।
তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর রায়নগর রাজবাড়ীতে অবস্থিত মারকাজুল কোরআন,সিলেট এর শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আই বাংলা টিভি’র সহকারী পরিচালক সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলীম ও তাঁর পরিবারের সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়িত হয়। আই বাংলা টিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সাংবাদিক লতিফুর রহমান উজ্জল এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আল-কুরআন ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মাদ্রাসার মুহতামীম হাফেজ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহ-সভাপতি হাসান বক্ত চৌধুরী কাওসার,ওসমানী নগর উপজেলা ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সজ্জল,ওসমানী নগর উপজেলা যুবলীগ নেতা সাহেদ উদ্দিন,মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী ও সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষা সচিব,শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আরো বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। এ মাস মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ। তিনি কোরআনের শিক্ষার্থী ও শিক্ষকদের সর্বশ্রেষ্ঠ উল্লেখ করে বলেন, সমাজকে আলোকিত করতে কোরআনের বিধানের ভিত্তিতে রাষ্ট্র বিনির্মাণে সকলকে কাজ করতে হবে।
