178
ডেস্ক:সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি শাহ জামানের বিরুদ্ধে ঈদকে সামনে রেখে গ্রেফতার বাণিজ্যের অভিযোগ ওঠেছে। এক পরিবহন ব্যবসায়ীকে আটক করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা উৎকোচ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তবে টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন ওসি।
হয়রানির শিকার পরিবহন ব্যবসায়ী এমদাদ আহমদ সিলেট নগরীর পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকার আহাদ মিয়ার ছেলে। সিলেট-সুনামগঞ্জ সড়কে তার মালিকানাধীন কয়েকটি বাস চলাচল করে বলে জানা গেছে।
এমদাদের বাবা আহাদ মিয়া কে জানান- রবিবার রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর থানা পুলিশ কোন কারণ ছাড়াই এমদাদকে আটক করে নিয়ে যায়। এরপর থানায় যোগাযোগ করলে আহাদ মিয়ার কাছে ওসি শাহ জামান ১ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না পেলে ছিনতাই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেয়ার হুমকি দেন।
শেষ পর্যন্ত বিমানবন্দর থানার এসআই শফিক ও রিপনের মধ্যস্থতায় ৫০ হাজার টাকা দিয়ে ছেলে এমদাদকে ছাড়িয়ে আনেন বাবা আহাদ মিয়।
বিমানবন্দর থানার ওসি শাহ জামান জানান- এমদাদ নামের কাউকে আটক করা হয়েছিল কি-না তা তার মনে নেই। তবে টাকা দাবি করা বা টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
