অবশেষে ধরা খেলেন ওসি আতাউর, রংপুর রেঞ্জে বদলী

by News Room

ডেস্ক রিপোর্ট:: নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে সিলেট কোতয়ালী থানার ওসি আতাউর রহমানকে রংপুর রেঞ্জে বদলী করা হয়েছে। ব্যবসায়ীকে মারধরের ঘটনায় হাইকোর্টের নির্দেশে তার বিরুদ্ধে মামলাও হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুুলিশ(এসএমপি) কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় মেট্রো কমিশনার জানান, পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে তাকে বদলী করা হয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘন করায় গত ১৭ জুলাই সিলেট নগরীর নয়াসড়কে পুলিশের হাতে আটক হন সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ চৌধুরীর বড় ভাই কামাল আহমদ চৌধুরী। এরপর তাকে থানায় নিয়ে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান ও ওসি (তদন্ত) শ্যামল বণিক, উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) তাহের ও কনস্টেবল অধির শারিরীক নির্যাতন করেন বলে অভিযোগ করে তার পরিবার। বর্তমানে কামাল চৌধুরী ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই ঘটনায় কামাল আহমদ চৌধুরীর ছোট ভাই শামীম আহমদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। এ প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ পুলিশের আইজিপি এবং সিলেটের পুলিশ কমিশনারকে ওসি আতাউরসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দেন। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জাতীয় মানবাধিকার সংস্থার চেয়ারম্যানকে নির্দেশ দেন।
এদিকে, হাইকোর্টের এমন নির্দেশনার পর পুলিশ হেডকোয়ার্টার ওসি আতাউর রহমানকে গতরাতেই রংপুর রেঞ্জে সংযুক্ত করে। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, ওসি আতাউর রোববার সকালে দায়িত্ব হস্তান্তর করবেন। এছাড়া, আদালতের নির্দেশনা অনুযায়ী ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা নেয়া হচ্ছে।

You may also like

Leave a Comment