152
ডেস্ক রিপোর্ট:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে আনসার সদস্যদের গুলিতে এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। নিহত জহুর আহমদ (৪০) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকার মৃত ফয়জুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ভোলাগঞ্জের গুচ্ছগ্রামে বসবাস করতেন।
শুক্রবার রাতে রেলওয়ের রজ্জুপথের (রুফওয়ে) সংরক্ষিত এলাকা থেকে পাথর উত্তোলন করতে গেলে আনসার সদস্যদের গুলিতে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাতে রেলওয়ের রজ্জুপথের (রুফওয়ে) সংরক্ষিত এলাকা থেকে পাথর উত্তোলন করতে গেলে আনসার সদস্যদের গুলিতে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল হক জানান- ভোলাগঞ্জে রেলওয়ের রজ্জুপথের সংরক্ষিত এলাকা থেকে চুরি করে দীর্ঘদিন থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল স্থানীয় একটি চক্র।
প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার রাত ১২টার দিকে ৫-৬ জন শ্রমিক সংরক্ষিত ওই এলাকায় পাথর উত্তোলন করতে গেলে দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দেয়।
এসময় আনসার সদস্যদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে আক্রমন চালায় শ্রমিকরা। আনসার সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে জহুর আহমদ গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় ভোররাত ৪টার দিকে তার সহকর্মীরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক এ কে এম আজাদ জানান- জহুরের পায়ে গুলি লেগেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
