169
নিজস্ব প্রতিবেদক:দেশজুড়ে জামায়াত-শিবিরের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত একটি মিছিল শেষে বাড়ি ফেরার পথে সিলেটের কানাইঘাটে আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলামকে (৪৭) কুপিয়ে হত্যা করেছে মুখোশধারীরা। উপজেলা আওয়ামী লীগ এ হত্যাকান্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ি করেছে। শনিবার রাত ১১টায় সুরমা ব্রিজের কাছে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত নজরুল ইসলাম দলইমাটি গ্রামের হাজী মোতাহির আলীর ছেলে এবং পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমানের আত্মীয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, গুরুতর আহত অবস্থায় রাত ১১টায় তাকে সদর উপজেলা হাসপাতালে নিলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নজরুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো দায়ের কোপ রয়েছে বলে জানান ওসি।
এছাড়া শনিবার বিকেলে কানাইঘাট পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএইচএম আবদুল্লাহর ওপর হামলা চালিয়ে তাকেও গুরুতর আহত করে জামায়াত-শিবির।
