বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি’র দাবি ছাত্র ইউনিয়নের

by News Room

আরিফা জান্নাত সুমিঃইউল্যাবের দুই শিক্ষার্থী সাদাত মাহমুদ ও রায়হান আতিকের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অভিন্ন টিউশন ফি ও করোনাকালীন সময়ে সেমিস্টার ফি মওকুফের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় ও সভাপতি ফয়েজউল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক প্রিতম ফকির, ক্রীড়া সম্পাদক দিদারুল ইসলাম শিশির, সহ-সভাপতি কেএম মুত্তাকী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শাওন বিশ্বাস।

সমাবেশে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে জনজীবন যখন বিপর্যস্ত তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চাপ প্রয়োগ করে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় করে আসছে। এই অন্যায়, শোষণের বিরুদ্ধে আওয়াজ তুললে নেমে আসছে ডিসিপ্লিনারি কমিটির শোকজ। আমরা সম্প্রতি দেখলাম ইউল্যাবের টিউশন ফি মওকুফের যৌক্তিক আন্দোলনের দুই সংগঠক সাদাত মাহমুদ ও রায়হান আতিককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা এ ধরণের পদক্ষেপের তীব্র নিন্দা এবং অবিলম্বে দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাই।

এ সময় বক্তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় অভিন্ন টিউশন ফি নীতিমালা প্রণয়ন ও করোনাকালীন সময়ে সেমিস্টার ফি মওকুফেরও দাবি জানান।

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, দাবি মানা না হলে দেশের ছাত্রসমাজকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

You may also like

Leave a Comment