আশুলিয়ায় নদী থেকে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

by News Room

সিলেটের খবর ডেস্ক: সাভারের আশুলিয়ায় বংশী নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর দশম শ্রেণির ছাত্র টুটুল শেখের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে ডগরতলী ইটখোলা এলাকার বংশী নদীর তীরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে স্থানীয়রা। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে নদীতে ডুবে নিখোঁজ হয় টুটুল।

নিহত টুটুল শেখ আশুলিয়ার এনায়েতপুর বাঁশতলা এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে স্থানীয় স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধু মিলে বংশী নদীর ওই এলাকায় মাছ ধরতে আসে। মাছ ধরা শেষে নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করছিল তারা। তিনজন নদীর তীরে উঠে আসলেও নিখোঁজ হয় টুটুল। পরে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাত ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে নিখোঁজ ওই শিক্ষার্থীর সন্ধান না পেয়ে ফিরে যায়।

ধামসোনা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ শফিউদ্দিন জানান, নদীতে ওই শিক্ষার্থীর লাশ ভাসতে দেখে তা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment