ডেস্ক রিপোর্ট:টিপাইমুখে ক্ষতিকর বাঁধ নির্মাণের প্রতিবাদ করায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করতে পারে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
তিনি শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক যুব সমাবেশে এ মন্তব্য করেন।
বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দুই বছরেও না পাওয়ার প্রতিবাদে স্বাধীনতা ফোরাম এই সমাবেশের আয়োজক।
এতে প্রধান অতিথির বক্তব্যে রফিকুর ইসলাম বলেন, ‘ইলিয়াসের নেতৃত্বে টিপাইমুখ অভিমুখে বিশাল মিছিল সবাইকে নাড়া দিয়েছিল। ভারতের পত্রপত্রিকায়ও তা প্রচার হয়। তাই ইলিয়াসের গুম ঘটনার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’র যোগসূত্র থাকতে পারে।’
তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচিতে বাঁধা না দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সরকার দেশ, কৃষকের কথা ভেবে থাকলে আমাদের এই লংমার্চে বাঁধা দেয়ার পরিবর্তে শামিল হবেন।
বিমানবন্দরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ আটকের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এমন রাষ্ট্র থেকে ‘র’ কিভাবে কাউকে তুলে নিয়ে যায়! সত্যিকার অর্থে ‘র’ তাকে আটক করেছে, পুলিশ তাকে ‘র’র হাতে তাকে তুলে দিয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে হবে।’
এ বিষয়ে বিএনপির এই সিনিয়র নেতা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সমালোনা করে বলেন, ‘আটকের কথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানেন না। এবার ভাবুন দেশের স্বাধীনতা কোথায়? গণতান্ত্রিকভাবে দেশের ক্ষমতা হস্তান্তর না হওয়ায় এমন ঘটনা ঘটেছে।’
তিনি বলেন, দুই বছর হলো, ইলিয়াস আলী জীবিত না মৃত জানাতে পারেনি সরকার। এভাবে অব্যাহত খুন, গুম, ধর্ষণ চলতে থাকলে দেশে এক সময় সত্যিকারের জঙ্গিবাদের উত্থান হবে।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, এডভোকেট ছানাউল্লাহ মিয়া প্রমুখ।
