ডেস্ক রিপোর্ট: গণজাগরণ মঞ্চের মুখপাত্র থেকে রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ইমরান এইচ সরকারকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
ইমরানের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার অভিযোগ তুলে মঞ্চের একাংশ এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে মঞ্চের সংগঠক কামাল পাশা চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ‘অচিরেই মঞ্চের পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট মুখপাত্র প্যানেল ঘোষণা করা হবে। একটি অন্তর্বর্তী টিম মঞ্চের গঠনতন্ত্র প্রণয়ন করবে, যা পরে কর্মী সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত করা হবে।’
তিনি বলেন, অবিলম্বে সারা দেশের কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি জাতীয় সম্মেলন করা হবে। শুরু থেকে যেসব সংগঠন গণজাগরণ মঞ্চে অংশ নিয়েছে তাদের তালিকা প্রণয়ন করা হবে। ছয় দফার ভিত্তিতেই পরিচালিত হবে মঞ্চের কার্যক্রম।
কামাল পাশা বলেন, ‘বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে পড়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্রের পদ থেকে ডা. ইমরান এইচ সরকারকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। তার কোন বক্তব্য এখন থেকে আর গণজাগরণ মঞ্চের বক্তব্য বলে বিবেচিত হবে না।’
সংবাদ সম্মেলনে কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকে দেখা যায়নি। কামাল পাশা আগামী ১৭ মার্চ মঞ্চের পক্ষ থেকে মুজিবনগর দিবস পালন করা হবে বলেও ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এফ এম শাহিন, আবির ঘোষ, হাবিবুল্লাহ মেসবাহ প্রমুখ।
এর আগে একই ব্যানারে গত ৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সংবাদ সম্মেলন করে গণজাগরণ মঞ্চ থেকে ডা. ইমরান এইচ সরকারকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
তবে ইমরান এইচ সরকার তাকে অব্যাহতির খবর নাকচ করে দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘মঞ্চের দখল নিতে এবং যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতেই এই ঘোষণা দেয়া হয়েছে।’
ইমরান বলেন, সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করার জন্য নানাভাবে তৎপরতা চালাচ্ছেন। আজকের এ সংবাদ সম্মেলন তারই ধারাবাহিকতা মাত্র।
