বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন মিনা খাতুন নামের এক তরুণী।
মাগুলার শ্রীপুর উপজেলার গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।
গ্রামবাসী জানান, বিয়ের জন্য টানা ১৩ দিন অবস্থান করছেন মিনা খাতুন। তার অভিযোগ, প্রেমিক রিপন লস্কর (২৫) বার বার প্রতিশ্রুতি দিয়েও তাকে বিয়ে করছেন না।
অবশেষে বাধ্য হয়ে মিনা প্রেমিকের বাড়িতে অনশন করতে বাধ্য হয়েছেন। বিয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মিনা এই বাড়ি ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
আর এর ব্যতিক্রম হলে তিনি প্রেমিকের বাড়িতেই সবার সামনে বিষপানে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন।
মিনা খাতুন (২০) জানান, ‘রিপনের সঙ্গে তার দীর্ঘপ্রেমের কথা পাড়ার লোকজন থেকে দুজনের আত্মীয়-স্বজন সবাই জানে। কিন্তু বিয়ের জন্য বার বার সময় নিয়েও রিপন এখন তা অস্বীকার করছে, পালিয়ে বেড়াচ্ছে। আমার সঙ্গে প্রতারণা করছে।’
তিনি বলেন, ‘এ মুখ আমি মানুষেরে কি হরে দেহাব। যে কারণে বিষের বোতল সঙ্গে কইরে এ বাড়ি চলি আইছি। আমি এর শ্যাষ দেখতি চাই। হয় বিয়ে, নয় বিষ খাইয়ে এ জীবন শ্যাষ কইরে দেব।’
প্রেমিক রিপন লস্কর (২৫) গোয়ালবাড়ী গ্রামের মৃত আব্দুল মালেক লস্করের ছেলে। বর্তমানে তিনি সেনাবাহিনীর সৈনিক পদে কুমিল্লায় কর্মরত আছেন। মিনা একই উপজেলার বরইচারা গ্রামের মিরাজ শখের একমাত্র মেয়ে।
