এখন আফগানদেরও‘সমীহ’ করছে বাংলাদেশ!

by News Room

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে;‘এভাবে চলতে থাকলে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষেও আমাদের সমস্যায় পড়তে হবে।’ একটা দল আত্মবিশ্বাসের কতটা তলানিতে অবস্থান করছে তা বোঝা যায় বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিমের এ একটা কথাতেই। শ্রীলঙ্কার বিপক্ষে ‘লঙ্কাওয়াশ’ হয়ে সংবাদ সম্মেলনে যেন একটু তাড়াতাড়িই এলেন মুশফিক। আর সাংবাদিকদের সামনে অকপটে প্রকাশ করে দিলেন দলের মানসিক অবস্থাটা। এ মুহূর্তে বাংলাদেশ দলের মধ্যে হারের একটা ভয় ঢুকে গেছে। ব্যাপার অনেকটা এমন, ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে ঢুকে সবকিছু গুলিয়ে ফেলা।
ঘরের মাঠে দর্শকেরা সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার অভিজ্ঞতা প্রায় ভুলতেই বসেছিলেন। দেশের মাটিতেই টানা দুটো সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে হারানোর পর লঙ্কানদের বিপক্ষে এই হারটা কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শকেরা। এমন নয় যে বাংলাদেশ জিততে পারে না। প্রথম ওয়ানডেতে জেতা ম্যাচ হেরে যাওয়া, দ্বিতীয় ওয়ানডেতে অনেকগুলো ভুলের মাশুল গোনা আর আজও একই ভুলের পুনরাবৃত্তি করে যাওয়া। তাহলে কী জিততে ভুলে গেল বাংলাদেশ। মুশফিকের কণ্ঠে স্পষ্ট স্বীকারোক্তি, ‘এত ভুল করলে জেতা যায় না।’

ভুল সব দলই করে। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেয় না কেবল বাংলাদেশ। ব্যাপারটা পীড়া দিচ্ছে মুশফিককেও। কোচ শেন জার্গেনসনের জন্যও মায়া হচ্ছে তাঁর, ‘দলের পেছনে সে এত পরিশ্রম করে। এই পারফরম্যান্স বোধ হয় কোচের প্রাপ্য নয়।’

হারের ধরনও খুব বাজে মনে হয়েছে মুশফিকের কাছে, ‘খেলায় হারা-জেতা আছে। কিন্তু তাই বলে এভাবে? এর চেয়ে বাজে খেলা বোধ হয় সম্ভব নয়।’

দলের এই অবস্থায় এশিয়া কাপ নিয়ে একেবারেই আশাবাদী নন অধিনায়ক। গতবার ভারত-শ্রীলঙ্কাকে হারানো আর ফাইনালে দেশবাসীকে কাঁদিয়ে পাকিস্তানের কাছে ২ রানে হেরে রানার্সআপ দলটির এবারের এশিয়া কাপে হারানোর কিছু থাকছে না—কথাটা জানিয়ে দিয়েছেন অধিনায়ক নিজেই। তার মানে কী তিনি বলে দিলেন, আপাতত ভালো কিছুর আশা কোরও না!

মুশফিক আবার সেটাও বলতে রাজি নন, ‘এটাই তো সবকিছুর শেষ নয়। ঘুরে দাঁড়াতে আমরাও পারি। দেখা যাক, এই সিরিজের ভুলগুলো দল শুধরে উঠতে পারে কিনা। কিন্তু এই ভুলের পুনরাবৃত্তি করলে আফগানিস্তানও আমাদের সমস্যায় ফেলতে পারে।’

সাকিব-কাণ্ডে মর্মাহত অধিনায়ক নিজেও। সংবাদ সম্মেলনে সাকিবের কীর্তি নিয়ে ওঠা প্রশ্নটি আলোচনায় গড়াতে না দিয়ে তিনিও ক্ষমাই চাইলেন, ‘অধিনায়ক হিসেবে আমি এই ঘটনায় ক্ষমাপ্রার্থী। সাকিব নিজেও নিজের ভুলটা বুঝেছে।  সেও এই ঘটনায় অনুতপ্ত।’

দলের অনেক খেলোয়াড়ের ফর্ম-চিন্তার বলিরেখা তৈরি করেছে মুশফিকুরের কপালে। উদাহরণ হিসেবে বললেন নাসিরের কথা, ‘নাসির সাধারণত যে শটটা জোরে খেলে সে এই সিরিজে আস্তে খেলেছে। এটা ফর্মহীনতার কারণে হয়েছে। এটা চিন্তার বিষয়। তবে আশা করি, এসব সমস্যা কাটিয়ে উঠতে পারব। আমি কথা দিচ্ছি, আমরা ফিরে আসবই।’ তা-ই যেন হয়!

 

You may also like

Leave a Comment