স্টাফ রিপোর্টারঃসিলেটে মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মমলার তদন্তভার গ্রহন করেছে সিআইডি’র অর্গানাইজড ক্রাইম। এর পরই ঘটনার সাথে জড়িত সন্ধেহে স্থানীয় দৈনিক সবুজ সিলেট’র ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেফতার করে সিআইডি। আদালতে তার ১৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সে সদর উপজেলা বিমানবন্দর এলাকার ইলিয়াস আলীর পুত্র।
সোমবার সিলেটের মহানগর হাকিম আদালত-২ এর বিচারক ফারহানা ইয়াসমীন তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, সেমামবার সকালে সিআইডির অর্গানাইজড ক্রাইম’র পরিদর্শক আরমান আলী তাকে আদালতে হাজির করে তার ১৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলাটির তথ্য উপাত্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির পুলিশ পরিদর্শক ও অনন্ত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আরমান আলী। তিনি জানান, ইদ্রিস জঙ্গি অপরাধী চক্রের একজন সক্রিয় সদস্য। অনন্ত হত্যার সময় ইদ্রিস আলী ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন, এবং ঘটনাস্থল থেকে তার তোলা ছবি অনন্ত হত্যার পরদিন দৈনিক সবুজ সিলেটে প্রকাশিত হয়।
এদিকে, অনন্ত হত্যার এক মাস পূর্তিতে আগামী ১৩ জুন সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করবে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহ।
প্রসঙ্গত, গত ১২ মে ব্যাংকে যাওয়ার পথে নগরীর সুবিদবাজার এলাকায় নৃশংসভাবে খুন হন মুক্তমনা ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাস। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ ব্যক্তিকে আসামী করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
এর পর গত ২৫ মে পুলিশ হেডকোয়ার্টার্স মামলাটি সিআইডি’র কাছে হস্তান্তরের নির্দেশ দেয়।
